আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে এক ফোঁটা বিদ্যুৎ দিতে পারে নি। তারা শুধু খুঁটি দিয়েছে। আর খুঁটির টাকা গেছে লন্ডনে। আর আওয়ামী লীগের আমলে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার চারটি গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ঝড়ে পড়া এক মহিলা আন্দোলনের হুমকি দিচ্ছেন। আগে ব্যর্থ হলেও এখন সফল হবে বলে তিনি যে বক্তব্য দেন তা শুনলে আমার হাসি পায়। আসলে সারাদিন এসি রুমে থাকেন বলে ঘুমিয়ে ঘুমিয়ে তিনি এ বক্তব্য দেন।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সরকার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বকুল, এম জি হাক্কানী, তাকজিল খলিফা কাজল প্রমুখ। মন্ত্রী জানান, আগামী তিন বছরের মধ্যে তাঁর নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। শীতে এ এলাকায় কোনো লোডশেডিং হবে না। লোডশেডিং হলে সরাসরি তাঁকে ফোনে জানানোর আহবান জানান মন্ত্রী।
এএইচ





