‘বেগম খালেদা জিয়ার অবমাননা বাংলাদেশ সইবে না ও কথিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রত্যাহারের দাবিতে’ জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ৩০ জানুয়ারি রাজধানীতে শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশের ডাক দিয়েছেন।

তিনি আজ আসাদ গেট দলীয় কার্যালয়ে নগর জাগপা ও যুব জাগপার যৌথ প্রতিনিধি সভায় এই কর্মসূচী ঘোষণা করেন। তিনি বলেন, আধিপত্যবাদের গোলামেরা গদিতে বলেই দেশপ্রেমিকদের বিরুদ্ধে কথিত রাষ্টদ্রোহের অভিযোগ আনা হচ্ছে। দেশপ্রেমিক নেতাদের হয়রানি, জেল-জুলুম এমনকি ফাঁসিতে ঝুলানো হচ্ছে। সুজাতা সিং ও দিল্লীর প্রেসক্রিপশনে ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর দেশকে নেতাশূন্য করার ভয়ংকর প্রচেষ্টা চালু করা হয়।

প্রধান বলেন, খালেদা জিয়া কি অপরাধ করেছেন? তার অপরাধ তিনি স্বাধীনতার প্রশ্নে আপোষ করেন নাই। গদির লোভে দেশ বিক্রি করেন নাই। ভোটাধিকারের প্রশ্নে আপোষ করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া শাহাদাতকে বেছে নিয়েছেন কিন্তু দিল্লীর দাসত্ব কবুল করেন নাই। সুতরাং শহীদ জিয়া-খালেদা জিয়ার নাম শুনলেই দিল্লীর দালাল-গাদ্দারদের বুকে কাঁপন শুরু হয়।

তিনি বলেন, গদির নেশায় পাগল দালালশাহী বেগম খালেদা জিয়ার বাসভবনের গেটে আদালতের সমন ঝুলিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মনে রাখবেন জনগণের মমতা ও ভালবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া এখন নিপীড়িত জাতির বাতিঘর। স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। এই অবমাননা বাংলাদেশ সইবে না। অবিলম্বে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করুন, অন্যথায় স্বাধীনতা প্রিয় জনগণ দালালশাহীর ফটকে জনতার সমন ঝুলিয়ে দেবে।

নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে এই যৌথ সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। বক্তব্য রাখেন নগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব জাগপার সভাপতি ফায়জুর রহমান, নগর নেতা আরিফ হোসেন ফিরোজ, যুব সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, নগর নেতা আসলাম মাতবর, কামাল হোসেন, হোসেব মোবারক, হাসমতউল্লাহ হাসু, নাসিরউদ্দিন, আব্দুর রাজ্জাক, মোঃ জসীম প্রমুখ।

এমএম