জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

আজ শনিবার (৯ জুলাই) সংবাদমাধ্যমে দেয়া এক শোকবাণীতে তিনি বলেন, ‘৮ জুলাই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এ সময় তিনি দৃষ্কৃতিকারীর দ্বারা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

জামায়াত আমির আরো বলেন, ‘শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্ব স্তম্ভিত ও আতঙ্কিত। এটি একটি ঘৃণ্য ও কাপুরুষোচিত ঘটনা। তার হত্যাকারী মানবতার দুশমন। তার মৃত্যুতে বিশ্ব এবং জাপান একজন মহান নেতাকে হারাল।’

তিনি বলেন, ‘এই কঠিন সময়ে তার পরিবার এবং জাপানের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’ সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস