জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে প্রতিবাদে হরতালের প্রথম দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলি এবং গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, মাওলানা নিজামীকে সাজানো ও মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আইনমন্ত্রীর বক্তব্যে প্রতীয়মান হয় বিচারের নামে নিজামীসহ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করার জন্য সরকার ষড়যন্ত্র করছে।

তিনি দাবি করেন, গতকাল রাতে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, আজ ফরিদপুর জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ দেলোয়ার হোসাইন, রংপুরের মিঠাপুকুর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ মারজানসহ সারাদেশ থেকে ৬ শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করে।

হারতাল চলাকালে ঢাকা, সিলেট, রাজশাহীসহ সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনী হামলা চালায়। এতে দেড় শতাধিক নেতা-কর্মী আহত হয়।

তিনি বলেন-হত্যা, জুলুম, নির্যাতন ও আহতদের চিকিৎসা বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার রবি ও সোমবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচী সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

জেএ