বাংলাদেশের মুক্তিযুদ্ধের যিনি উপ-প্রধান এ কে খন্দকারের বইটি আমি গতরাতে পড়া শেষ করেছি। উনি ওনার বইয়ে যেসব কথা লিখেছেন এবং যা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে সেই কথাগুলো উনিই এই প্রথম বললেন না। এর আগেও কবি শামসুর রহমান, বিচারপতি হাবিবুর রহমানও বলেছিলেন।
আর এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ও উপলব্ধি শোনার জন্য বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। শুধু তাই নয় এটা বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই প্রয়োজনীয়। আমার ধারণা আওয়ামী লীগ তার লেখা বইয়ের ব্যাপারে বেশি করে রিঅ্যাক্ট করেছে এই কারণে যে তিনি মাত্র কিছুদিন আগেও আওয়ামী লীগের কেবিনেটের মন্ত্রী ছিলেন।
ফলে তার যে গ্রহণযোগ্যতা আছে সে কারণে আওয়ামী লীগ এখন বিপদে পড়ছেন। তিনি তার বইয়ে মুজিব বাহিনীর কথা লিখেছেন এবং এই মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে হস্তক্ষেপ করেছে যা একটি কলঙ্ক।
রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠানে এসব কথা বলেন ডেইলি নিউ এজ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার নুরুল কবির।
বিশিষ্ট এ সাংবাদিক বলেন, এ কে খন্দকারের লেখা বই ইতিহাসের বই হবে নাকি প্রবন্ধের বই হবে সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের বড় বড় বাকগুলিতে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতাগুলো লেখা জাতীয় কর্তব্য।
সূত্র: রেডিও তেহরান
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





