ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘১ আগস্ট সরকারি এক সিদ্ধান্তে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে, যা
সম্পূর্ণ অযৌক্তিক এবং কৃষকদের স্বার্থ পরিপন্থী। আমরা সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় ঘোষণা করেছিল, তারা ১০ টাকা কেজি দরে চাল এবং বিনামূল্যে সার দেবে। এখন বিনামূল্যে সার তো দূরে থাক, উল্টো কোনো আলোচনা-পর্যালোচনা ছাড়াই সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ সরকারের আমলে একের পর এক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে জনজীবন বিপর্যস্ত। এবার সারের দাম বাড়িয়ে সরকার দেশের অর্থনীতির প্রধান উৎস কৃষিখাতে চাপ সৃষ্টির ব্যবস্থা করেছে।’

তিনি আরো বলেন, ‘সারের দাম বাড়ার ফলে কৃষকদের ওপর এর প্রভাব পড়বে এবং কৃষির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। কৃষকদের দুর্ভোগ আরো বহুগুণে বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। অবিলম্বে সারের মূল্য বাড়ানোর এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি 

এমআর