[b]ঢাকা:[/b]বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী আগামীকাল রোববার ১৯ জানুয়ারি। এই উপলক্ষে দলের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সকাল সাড়ে ১০টায় দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর সমাধিস্থলে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসুচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন।
উল্লেখ্য, ২দিন ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ শনিবার দলের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রোববারও দিনব্যাপী নানা কর্মসুচি পালন করা হবে।
এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রাতে চেয়ারপার্সনের গুলশান ও দলীয় কার্যালয়ে কেক কাটা, ডক্টর অব এসোসিয়েশন (ড্যাব) এর উদ্যোগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি, বিকালে দলের উদ্যোগে মিলাদ মাহফিল এবং জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
টাইম নিউজবিডি/এমএইচটি/





