বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যায়। অথচ, ১৩ বছর ধরে বিএনপির আন্দোলনের কত শুনতেছি।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রাজধনীর টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, দিন যায়, মাস যায়, পদ্মা-মেঘনায় কত পানি গড়িয়ে যায়, কিন্তু ফখরুল সাহেবদের আন্দোলনের সোনার হরিণের দেখা পাওয়া যায় না। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনো দিনও দেখা দেবে না।
তিনি বলেন, বাংলাদেশে ভিত্তি নিয়ে নির্বাচনে যেতে হয়। আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যাবে। ষড়যন্ত্র করতে পারবেন, হত্যা করতে পারবেন কিন্তু ক্ষমতা পাওয়া যাবে না। আন্দোলন করবেন, ব্যর্থ হলে নন্দঘোষ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তিনি ভাগ্যবতী। আল্লাহ এই দেশে একজনকে সৃষ্টি করেছে স্বাধীনতার জন্য, আরেকজনকে সৃষ্টি করেছে মুক্তির জন্য।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে রাত জেগে জেগে শেখ হাসিনাকে দেশের মানুষের কথা ভাবতে হচ্ছে। কেউ ধৈর্য্যহারা হবেন না, ইনশাল্লাহ এই দিন থাকবে না। এ কষ্ট সাময়িক, এ দুর্দিন চলে যাবে।
এবিএস





