বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ঈদের পর উনি নাকি আন্দোলন করবেন। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বাংলাদেশে স্বাধীনতাবিরোধীরা কোনো আন্দোলন করতে পারবে না। ঈদের পর আমরা সচেষ্ট থেকে তাদের নাম চিরকালের জন্য বাংলার মাটি থেকে উৎখাত করব।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার দেশ রক্ষার আন্দোলনের হুমকি নাকচ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেছেন, ‘আপনার দ্বারা বাংলাদেশ রক্ষা হবে না। জনগণ সেই দায়িত্ব আপনাকে দেয়নি।’

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

ত্রাণমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের দেখেছেন কি না জানি না। এ কারণে আপনি এখন রাজাকার, আল বদর ও আল শামসদের কমান্ডার। আমি মনে করি, যারা “বাংলাদেশে জিন্দাবাদ” বলে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না।’

ঢাকা মহানগরকে শক্তিশালী করতে ঈদের পর সব থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে বলে জানান মায়া।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিতসভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি,কম)//এনএস