বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার তার বইয়ে যা বলেছেন, তা তিনি সত্য বলেছেন, জনগণ এটাই বিশ্বাস করে। এ কারণেই আওয়ামী লীগের গায়ে আগুন ধরে গেছে।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুদিবস উপলক্ষে শুক্রবার সকালে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এতদিন ইতিহাস নিয়ে যে মিথ্যাচার করেছে তা জনগণের কাছে প্রমাণীত হয়েছে। এ কে খন্দকার সত্য বালার কারণেই এখন তাকে দেশদ্রোহী বলে অখ্যায়িত করছে। এর আগেও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জে ওসমানী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এমনকি তাজউদ্দিন সাহেবের মেয়ের লেখা বইয়েও ইতিহাসের সত্য প্রকাশ করায় আওয়ামী লীগ তাদের হেনস্তা করেছে।’

ফখরুল বলেন, আমরা যারা ৭ মার্চের ভাষণ সেখানে উপস্থিত থেকে শুনেছি তারা জানি বঙ্গবন্ধু তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে। তখনকার বাস্তবতায় এটি ঠিক ছিলো। এটা বললে কাউকে খাটো করা হয় না, কেউ খাটো হন না।

কিন্তু যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তারা সবাই কলকাতায় পালিয়ে গিয়েছিলো সেহেতু ইতিহাসের এ সত্য তারা মেনে নিতে চায় না বলেও মন্তব্য করেন ফখরুল।

ওলামা দলের সভাপতি হাফিজ মাওলানা এম এ মালেকের পরিচালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পদক সানাউল্লাহ মিয়া, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান শামীম।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ, জেআই