ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে যারা কাউন্সিলর পদে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় বুধবার রাতে সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত এক দায়িত্বশীল নেতা বলেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে কাউন্সিলর প্রার্থী হয়েছেন, তাদেরকে বৃহস্পতিবার থেকে ডেকে কথা বলবেন দলের কেন্দ্রীয় নেতারা।

এ সময় তাদের দলের সিদ্ধান্ত মেনে নিয়ে বসে গিয়ে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে নিদের্শনা দেওয়া হবে। দলের এই নির্দেশনা অমান্য করলে প্রাথমিক সদস্যপদ থেকে এবং প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত পদ থেকেও তাদেরকে বহিস্কার করা হবে।

সভায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক বলেন, এরই মধ্যে দক্ষিণ সিটিতে দল সমর্থিত প্রার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে।

বিদ্রোহীদের সর্ম্পকেও খোঁজখবর নেওয়া হয়েছে। কেউ কেউ বসে যাবেন বলে দায়িত্বশীল নেতাদের জানিয়েছেন। দল সমর্থিত প্রার্থীদের জন্য বিদ্রোহী প্রার্থীরাই বড় বাধা হয়ে দাঁড়াবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন কঠিন হবে।

দক্ষিণের সমন্বয়কের এমন কথার প্রসঙ্গে দলের সিনিয়র নেতারা বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাদের ব্যাপারে বৃহস্পতিবার থেকেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান, এমএ আজিজ, এসএম কামাল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।

এমকে