খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,‘গুম, খুন, অপহরণ এ দেশে মেজর জিয়াই শুরু করেছিল। সাত খুনের আসামি শফিউল আলম প্রধানকে ক্ষমা করেছিল। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেনাবাহিনীই হত্যা করেছিল। সেকারণে আপনি র‌্যাবের আগে সেনাবাহিনী বিলুপ্ত করার কথা বলুন।’
শুক্রবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, রাজনৈতিক কুটকৌশল পরিহার করুন। সাতখুনের ঘটনার সঙ্গে যে আপনারা জড়িত নন তার প্রমাণ কি? তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার হবে।
তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্ত করা যাবে না। র‌্যাব বিলুপ্তির আগে আপনি আপনার স্বামীর দল বিএনপিকে বিলুপ্ত করুন।
শেখ সেলিম বলেন, নির্বাচনে অংশ না নিয়ে আজ সাধারণ পাসপোর্ট পেয়েছেন। কেবল তো শুরু।  শেখ হাসিনার অধীনে নির্বাচনে না আসলে আগামীতে পার্টির প্রধানের পদও হারাবেন।‘ভারতের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বলে ছাগলের মতো লাফালাফি ও বগল বাজিয়ে লাভ নেই।’
যুবলীগ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন আহমেদ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মইনুল হোসেন খান লিটু প্রমুখ।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]