দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরীর পদত্যাগের একদিন পর সিলেট গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগপত্র পাওয়ার পর হঠাৎ করে সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল।
সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি। এরপর যাবেন হযরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারতে।
এরপর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন মির্জা ফখরুল।
সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে মির্জা ফখরুল সিলেট যাচ্ছেন। আজ বিকেলে বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে বিএনপির সব পদ থেকে সরে দাঁড়িয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
এরপর বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে জানান, অবসরে যাওয়ার বিষয়টি জানিয়ে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি ‘চিঠি’ লিখেছেন। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১-২০০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে। নির্বাচনে অংশ না নিলেও গত কয়েকবছর ধরে তিনি বিএনপির মূল ক্ষমতাকেন্দ্রের খুব কাছাকাছিই ছিলেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষে করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।
চলতি বছরের শুরুতে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিলেন সেনাবাহিনী থেকে কূটনীতিক বনে যাওয়া শমসের মবিন। পরে আদালত তাকে জামিনে মুক্তি দেয়। এরপর থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন এই নেতা।
এমএইচ





