বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন, সরকার মানুষের ন্যায্য ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের কোন রাজনৈতিক সমাধান না করে অত্যন্ত চালাকির সাথে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ নির্বাচন কোন্ তারিখে সম্পন্ন হবে সে বিষয় উল্লেখ করে বক্তব্য রাখছেন। নির্বাচন কমিশন সেই তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছেন। আবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ মামলার আসামী কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না মর্মে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। জনগণের প্রশ্ন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের বক্তব্য রাখার সুযোগ কোথায় পেল এবং কিভাবে পেল? তাহলে কি বাংলাদেশ পুলিশ নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে?

আজ শুক্রবার দেয়া এক বিবৃতিতে ডা. শফিক এ কথা বলেন। তিনি জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ২০দলীয় জোটের নেতৃত্বে চলমান আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার সম্পূর্ণরূপে পদদলিত। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে পড়েছেন। রাজনৈতিক আন্দোলনকে আইন-শৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে বিবেচনা করে দেশব্যাপী রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে হাজার হাজার নেতাকর্মীকে।

ক্রসফায়ারের নামে অন্যায়ভাবে বেছে বেছে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সারাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। বাংলাদেশ বিশ্ববাসীর নিকট এক মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে পরিচিত হয়েছে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘ, ইউরোপীয়ান ইউনিয়ন ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিচারবহির্র্ভূত হত্যা, গণগ্রেফতার ও খুন-গুমের বিষয়ে তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা জানিয়েছেন। বিশ্ব সমম্প্রদায় সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন।

কিন্তু সরকার রাজনৈতিক সংকটের সমাধান না করে রাজনৈতিক নিপীড়ণের পথ অবলম্বন করেছে। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজও সারাদেশে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, জনগণের ন্যায্য ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলছে। এ আন্দোলন জনগণের সাংবিধানিক অধিকার। জনগণ এ আন্দোলন চালিয়ে যাবে। তিনি ২০ দলীয় জোট ঘোষিত সকল গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মাওলানা সুবহানের সুচিকিৎসার আহবান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতর অসুস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুস সুবহানকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ।

আজ শুক্রবার এক বিবৃতিতে এই আহবান জানিয়ে তিনি বলেন, মাওলানা সুবহান বার্ধক্যজনিত শারীরিক সমস্যাসহ নানান জটিল রোগে ভুগছেন। দীর্ঘদিন যাবত কারাগারে বন্দী থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার অসুস্থতার খবরে আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। তার সুস্থতার জন্য দ্রুত উন্নতমানের চিকিৎসা প্রয়োজন।

তাই তাকে দ্রুত মুক্তি দিয়ে উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং তার আশু আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।

লাঙ্গলবন্দে পদদলিত হয়ে নিহতের ঘটনায় উদ্বেগ

আজ হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দের রাজঘাটে পদদলিত হয়ে নারীসহ কমপক্ষে ১০ জন লোক নিহত ও ৩০ জন আহত এবং ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করতে গিয়ে পানিতে ডুবে একজন কিশোর ছাত্র নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গতকাল এক বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, পুণ্যস্নান উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি হবার কারণেই এতোগুলো মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন যদি পূর্ব থেকেই সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে এ রকম মর্মান্তিক ঘটনা সহজেই এড়ানো সম্ভব হত।

পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে যারা নিহত হয়েছেন আমি তাদের সকলের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এএইচ