বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে (তারেক রহমান) দেশে আসতে দেওয়া হচ্ছে না এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান এখন নির্বাসিত। ১/১১-র অবৈধ সরকার যারা বিরাজনীতিকীকরণের জন্য ষড়যন্ত্রের মাধ্যমে সরকার গঠন করেছিল, তারা অত্যন্ত সম্ভাবনাময় তারেক রহমানকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছিল। কারাগারে নিয়ে নির্যাতন করেছিল। আজকেও তাঁকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাঁর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরানোর জন্য চক্রান্ত শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অসুস্থ অবস্থায় বিদেশে নির্বাসিত আছেন। সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন এবং ‘অবরুদ্ধ গণতন্ত্র’কে মুক্ত করে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তিনি নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এআই





