বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতন আন্দোলনের যে হুমকি দিচ্ছেন তা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোববার সন্ধ্যা ৬ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ গত চার বছর ধরে খালেদা জিয়ার আন্দোলনের অবস্থা দেখছেন। তিনি বিভিন্ন সময় আন্দোলন করে সরকার পতন করবেন বলে সময়সীমা দিয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। দেশের মানুষ তার ডাকে সাড়া দেননি, দেবেন না।
মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না তা তিনি প্রমাণ করে গেছেন। তার ক্ষমতার আমলে তিনি যুদ্ধাপরাধীদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন। একজন রাজাকারকে প্রধানমন্ত্রী ও অন্য একজনকে মন্ত্রী বানিয়েছিলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করেছেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার খালেদা জিয়ার দেয়া বক্তব্য অনেকাংশেই মিথ্যাচার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
হানিফ বলেন, স্বাধীনতার জন্য সমগ্র জাতি যুদ্ধ করেছে। আর এতে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এসএইচ





