বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে দেশব্যাপী আগামীকালের শান্তিপূর্ণ হরতাল বানচাল করতে সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতার অভিযান চালাচ্ছে।
রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তল্লাশীর নামে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে নির্যাতন নিপীড়ণ ও হয়রানী করছে। বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং পাইকারী হারে গ্রেফতারের ঘটনাকে ন্যাক্কারজনক ও অমানবিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, জনসমর্থন শুন্যের কোঠায় আঁচ করতে পেরে জোর করে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই ক্ষমতাসীনরা দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় এনে দেশব্যাপী তান্ডব সৃষ্টির এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে-ক্ষমতা হাতছাড়া হয়ে জনরোষের মুখে দেশত্যগের পথও যেন বন্ধ না হয়ে যায়।
ক্ষমতাসীনদেরকে এতোটা স্বৈরাচার করতে পারে তা নজীরবিহীন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেফতার এবং দেশব্যাপী বর্তমান অবৈধ সরকার কর্তৃক সংঘটিত ধারাবাহিক অপকর্ম ও নির্যাতন নিপীড়ণ সবই একই সূত্রে গাঁথা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে আরো বলেন, দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবেনা, বরং নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হবে ততই বিরোধী দলীয় নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকালের শান্তিপূর্ণ হরতালকে কেন্দ্র করে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা দেশব্যাপী আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
বিবৃতিতে তিনি হজ্বযাত্রীবাহী যানবাহন, লাশবাহী গাড়ী, এ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ঔষুধের দোকান, হোটেল-রেস্তোরা হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান।
ঢাকা, এমএইচ, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





