বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পাঠ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো নির্বাচন বর্জন করতো না। শত প্রতিকূল পরিবেশেও তিনি ৭০'র নির্বাচনে অংশগ্রহণ করে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন। তাই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পাঠ করে আন্দোলনের শিক্ষা গ্রহণ করতে পারেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। ৮৬ সালের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করা আওয়ামী লীগের ভূল ছিল। তবে আমরা যদি ওই নির্বাচনে অংশগ্রহন করতাম। তাহলে আজ বিএনপির  অস্তিত্ব থাকত না।

তোফায়েল আহমেদ বলেন, ৫ জানুয়ারী নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপি এখন এতিমের মত সংলাপের আহ্বান করেছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের প্রস্তাব দিয়েছিল। তখন তা গ্রহণ না করে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। তবে এখন আর কোন সংলাপ হবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির না হওয়ার সমালোচনা করে  খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে তারাই আদালতে যেতে ভয় পান। আর যাদের মধ্যে অপরাধ প্রবণতা নেই তারা আদালতের মুখোমুখি হতে ভয় পান না।

সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার।ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

এমআর