সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর।

নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন বলেও দাবি করেন তিনি।

২৬ জুলাই (সোমবার) রাত ৯টার দিকে নিজ ফেসবুক আইডি থেকে লাইভে আসেন হেলেনা জাহাঙ্গীর।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বাদ পড়া হেলেনা জাহাঙ্গীর বলেন, আমাকে ফেসবুকে গালাগালি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী দেশের সাইবার অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রধানমন্ত্রী যদি আমাদের মা হয়ে থাকেন, তাহলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এছাড়াও আওয়ামী লীগের জন্য চ্যানেল চালাচ্ছেন বলেও দাবি করেন হেলেনা জাহাঙ্গীর। তিনি আওয়ামী লীগের হয়ে দলের জন্য কাজ করেছেন।

নিজ আইপি টিভি ‘জয়যাত্রা টেলিভিশনে’র উদাহরণ দিয়ে হেলেনা বলেন, আমি সরকারের জন্য চ্যানেল চালাচ্ছি; ভর্তুকি দিয়ে আমার জয়যাত্রা টেলিভিশন চালাচ্ছি।

এই টেলিভিশনের জন্য কাজ করতে গিয়ে অন্য কোনো কাজ করতে পারছি না। ছোট হোক কিন্তু চ্যানেল তো, সরকারের জন্য এই চ্যানেল চালাচ্ছি।

লাইভে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নিন্দাও জানান তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছারসহ কয়েকজন নেতার নামও উল্লেখ করেন।

হেলেনা জাহাঙ্গীর জানান, দলে না থাকলেও দলের জন্য কাজ করে যাবেন বলেও। ছোটবেলা থেকেই সমাজসেবা করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, আমি দলে না থাকলেও, এমপি না হলেও দলের জন্য কাজ করে যাব।

তিনি আরও বলেন, আমি ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমার বয়স বেশি না, বাচ্চাকাল থেকেই সামাজিক কাজ করছি।

‘লকডাউন’ উঠে গেলে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান হেলেনা জাহাঙ্গীর।

প্রসঙ্গত, ‘আওয়ামী চাকরীজীবী লীগ’ নামক একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি সামাজিক যোগাযোগে ভাইরাল হন হেলেনা জাহাঙ্গীর।
এরপরেই আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত হন তিনি।

এইচএন