প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারী বা নীলনকশাকারীদের যারা সমর্থন করে বাংলার মাটিতে তাদেরও রেহাই হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্মেলন সফল করতে মঞ্চসজ্জ্বা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জাহাঙ্গীর কবীর নানক বলেন, বাংলাদেশে আমরা যখন জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি। সেই সময় কম্পিউটার বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় কিডন্যাপ করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এর সঙ্গে যারা জড়িত ছিল, যারা পরিকল্পনার সঙ্গে ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সেই গ্রেপ্তারকে নিয়ে বাংলাদেশে গুটিকয়েক ব্যক্তি, যারা বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের জন্য কোনদিন কোন দাবি জানায়নি। তারা এই গ্রেপ্তারকৃতদের নিয়ে মায়াকান্না করছেন। যারা এই হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।
ওএফ





