ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন আনুষ্ঠানিভাবে প্রচার শুরু করেছেন।

শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর হাজারীবাগের ২ নম্বর ওয়ার্ড থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এরপর দুপুর পর্যন্ত ওই এলাকাতেই প্রচার চালিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।

প্রচারের সময় স্থানীয়দের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেছেন নৌকার প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

জনসংযোগের সময় নৌকার প্রার্থী বলেন, “ঢাকা-১০ আসনের বেশিরভাগ এলাকাই দক্ষিণ সিটির ভেতরে। এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবসময় নিয়োজিত থাকবো।”   

এছাড়াও নির্বাচনের জনসংযোগের কারণে যেনো গণদুর্ভোগ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। দিনের প্রথম ভাগের প্রচার শেষে হাজারীবাগের কুলালমহল মসজিদে জুমার নামাজ পড়েন শফিউল ইসলাম মহিউদ্দিন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ০৬ ফেব্রুয়ারি। এই আসনে উপ-নির্বাচন হবে ২১ মার্চ।

এমবি