আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। দলের ২১ তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাড়ে সাত হাজার কাউন্সিলর সর্বসম্মতভাবে তাদের নির্বাচিত করেন। আগামী তিন বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা নবম বারের মতো সভাপতি এবং দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন।
সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করে আবদুল মতিন খসরু। সমর্থন করেন পিযুষ ভট্টাচার্য। তারা দুইজনই বিদায়ী কমিটির সভাপতি মণ্ডলির সদস্য। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করে জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান। দুই জনই বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনে সম্মেলনে আজ শনিবার ছিল শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নিয়েছেন।
এএইচ





