২০ দলের নেতাকর্মীরা তীব্র আন্দোলন-সংগ্রামের জন্য মুখিয়ে রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আন্দোলন করতে হবে গণতান্ত্রিক উপায়ে। এবার আন্দোলনে আমাদের সফল হতেই হবে।’

রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে শনিবার দুপুরে অনুষ্ঠিত ২০ দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে দেশ অনির্বাচিত সরকারের অধীনে চলছে। সংসদে যারা আছেন, তারা সবাই অনির্বাচিত। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। এটি করতে গিয়ে তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ সরকারের অধিনস্থ প্রশাসন বাহিনীও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকারের একটি বিশেষ বাহিনীর সদস্যরা নিজেদের সম্পৃক্ততা আদালতে স্বীকার করেছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলতে পারে না। আজকে বাংলাদেশ দুঃসহ অবস্থা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দেশের গণতন্ত্র এখন মৃতপ্রায়। এ থেকে জনগণ মুক্তি চায়। আমাদের এখন একটাই লক্ষ্য এ গণবিরোধী, দেশদ্রোহী, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করা। আমাদের সেই লক্ষ্য নিয়েই অগ্রসর হতে হবে। এ জন্য আন্দোলন জোরদার করতে হবে। এবার আন্দোলনে আমাদের সফল হতেই হবে।’

তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকারের কোনো আগ্রহ নেই। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ দলীয় সরকার নয়, গোষ্ঠীর সরকারে পরিণত হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বিএনপির যুগ্ম মহাসচিব, মহানগর সভাপতি ও রাজশাহী ২০ দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, জামায়াত নেতা অধ্যাপক আতাউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা বোরহান উদ্দিন, এডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খেলাফতে মজলিসের নায়েবে আমির সৈয়দ মজিবুর রহমান প্রমুখ।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ