তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চলমান অবরোধ ও হরতালে অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন সময়ে শতাধিক মানুষ মারা যাওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘হত্যা মামলা সাজাচ্ছে’ সরকার। খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিলে না, কাশিমপুর কারাগারে।
রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনের প্রথমে তথ্যমন্ত্রী লিখিত দুই পৃষ্ঠার একটি বক্তব্য পড়েন। এতে গত শুক্রবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিভিন্ন বিষয়ের যুক্তিখ-ন করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ৬৭ দিনে বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশে শতাধিক মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। এই হত্যাকা-গুলোর মামলা আমরা প্রশাসনিকভাবে সাজাচ্ছি। সেগুলো রুজু করা হচ্ছে। মামলাগুলো যখন আদালতে যাবে, আদালত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আপনারাই সাক্ষী দিচ্ছেন দেশে গণতন্ত্র আছে কিনা। আর বেগম খালেদা একজন ফেরারি আসামি হয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলন গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করেছে। এরপরও যারা বলেন দেশে গণতন্ত্র বা গণমাধ্যমের স্বাধীনতা নেই তারা অন্ধ।’

খালেদা জিয়াকে গ্রেফতারে আদালতের নির্দেশের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার আদালতের নির্দেশ পালন করতে বাধ্য। খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়েও আদালতের নির্দেশ পালন করছে সরকার।’

জেএ