বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উকিল নোটিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ান আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে বিএনপি নেতাদের মধ্যে যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে এতে মনে হচ্ছে নিশ্চয় সেখানে (সুইস ব্যাংক) তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ আরও অনেকের টাকা আছে। আমি সন্দেহের কথাটাই বলেছি। সুতরাং এই সন্দেহের উদ্রেক করানোর জন্য বিএনপি নেতারাই দায়ী। তারেক রহমানকে অনুরোধ জানাব তাদের একটা উকিল নোটিশ দেওয়ার জন্য।

হাসান মাহমুদ বলেন, পত্রপত্রিকা টেলিভিশনে দেখেছি, শুনেছি যে, জনাব তারেক রহমান আমাকে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। আমি এখনো তা হাতে পাইনি। উকিল নোটিশ হাতে পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেবো, উকিল নোটিশের জবাব দিব, নাকি পাল্টা উকিল নোটিশ দিব।
ড. হাসান মাহমুদ বলেন,‘যদি তিনি উকিল নোটিশ দিয়ে থাকেন, আমি মনে করি তিনি ভুল করে উকিল নোটিশ দিয়েছেন। উকিল নোটিশ তো দেওয়া উচিত ছিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের।’

হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন সুইস ব্যাংকে কাদের টাকা আছে সেটা নিয়ে তদন্ত হবে এবং সেখান থেকে টাকা ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। এরপর থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের সিনিয়র নেতারা যেভাবে কথা বলা শুরু করেছেন এতেই বরং সন্দেহটা ঘনীভূত হয়েছে।

নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসাইন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই