একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস পর মাঠের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সংসদে আজকের অনুষ্ঠিতব্য প্রথম অধিবেশনকে ‘ভুয়া’ অভিহিত করে এর প্রতিবাদে ঢাকায় এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকাল ১১টায় এ মানববন্ধন শুরু হয়েছে। চলবে ১২টা পর্যন্ত।
সকাল ১০টার পরপরই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই লোকে লোকারণ্য হয়ে যায় প্রেসক্লাবের সামনে সড়ক।
সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
নির্বাচন-পরবর্তী বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কদম ফোয়ারার মোড়, সচিবালয়মুখী সড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।
এএস





