ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোর বিশেষ সংখ্যায় মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেন, এই ম্যাগাজিন কর্তৃপক্ষের উপর যে হামলা হয়েছে তা ইসলাম সমর্থন করে না। এর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিম দেশ ও মুসলমানরা নিন্দা জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টসহ মুসলিম রাষ্ট্র প্রধানরা হামলার বিরোধী সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেছে। এমনকি হামলার সময় একজন ফরাসি মুসলিম নিজের জীবনবাজী রেখে অনেক ফরাসির জীবন রক্ষা করেছেন। এর পরও হেবদো কর্তৃপক্ষের এমন নিকৃষ্ট কাজ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ শুধু মুসলমান নয় বরং বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটি ভয়াবহ অন্যায় করেছে হেবদো কর্তৃপক্ষ। এটা কোনো দায়িত্বশীলের কাজ নয় বরং সহিংসতাকে উস্কে দেয়ার একটি অপপ্রয়াস বলে বিশ্ব বিবেক মনে করে।

নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে মুসলিমদের জীবনের চেয়ে প্রিয় মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্ম করলে চুপ থাকবে। আমরা অবিলম্বে বাজার থেকে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন সম্বলিত কপি প্রত্যাহার ও কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় হেবদো কর্তৃপক্ষকে সন্ত্রাসীদের কাতারেই দাঁড়াতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে শরনাপন্ন হবে মুসলিম বিশ্ব।  

কেএইচ