জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচনের ১৫ দিন পূর্বে অবশ্যই তিন সিটি করপোরেশনে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন বলে মনে করে জামায়াত ইসলামী। সেই সাথে ২০ দলীয় জোটের প্রার্থীদের হয়রাণী বন্ধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেফতার অভিযান বন্ধ রাখার দাবি জানায় দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ডাঃ শফিকুর রহমান বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য গণতান্ত্রিক পরিবেশ এখনো দেখা যাচ্ছে না। মিথ্যা মামলা, হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ভীতি প্রদর্শন এবং জুলুম-নির্যাতনের ভয়ে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা জনগণের সামনে হাজির হতে পারছেন না। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন গড়ে ১৫ জন খুন হচ্ছেন। সেদিকে কোন ভ্রুক্ষেপ না করে সরকার অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্রে ব্যস্ত।
জামায়াত নেতা বলেন, সারাদেশে সরকারের নির্যাতন অব্যাহত বেড়েই চলছে। আজও (বৃহস্পতিবার) সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী জামায়াতসহ ২০ দলের প্রায় দুইশত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
তিনি সরকারের জুলুম-নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জেএ





