জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে পূর্বঘোষিত রবিবারের হরতালের সমর্থনে রাজধানীর ফার্মগেট ও মুগদায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
রাজধানীর মানিকনগরে বিকাল সাড়ে ৫টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে মুগদা থানা জামায়াতের নেতাকর্মীরা। এখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের নেতৃত্বে হরতালের সমর্থনে শনিবার বিকাল ৫টার দিকে ফার্মগেটে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। তবে এখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জামায়াতের নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তেজগাঁও থানার আমির সালাহউদ্দীন, সেক্রেটারি শেখ নিয়ামুল করিম, জামায়াত নেতা হাফিজুর রহমান, থানা শিবির সভাপতি হাসানুল বান্না, ছাত্রনেতা আমিনুল ইসলাম ও হাফিজুর রহমান।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





