নির্বাচনে প্রচারণা নির্বিঘ্ন করতে সব প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এটি জরুরি।’
শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য এই বিষয়টি নিশ্চিত করা খুবই প্রয়োজন।’ ইসির কাছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাবা আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ার পর বিএনপির নেতৃত্বাধীন জোট তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার রাতে সব সংশয় ও অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে দক্ষিণে মির্জা আব্বাস এবং উত্তরে তাবিথ আউয়ালকে সমর্থন চূড়ান্ত করে বিএনপি। ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর ব্যানারে তারা নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে বাস প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি।
নির্বাচিত হলে ঢাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচিত হতে পারলে ঢাকাকে আধুনিক নগরীতে পরিণত করব। যানজটসহ সব সমস্যা সমাধান করে ঢাকাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
নির্বাচনে তরুণদের পাশে থাকার অনুরোধ জানান বিএনপি সমর্থিত এই মেয়র প্রার্থী। তিনি বলেন, ‘সবাই তরুণ নেতৃত্ব চায়। আমিও বয়সে তরুণ। প্রত্যাশা করি তরুণরা আমার পাশে থাকবে।’
প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘জনগণ ব্যালটের মাধ্যমে আমাকে জয়ী করবেন।’
প্রচারণা সময়ে তাবিথের সঙ্গে বনানী থানা যুবদল সভাপতি শাহজাহার সরকার, মহানগর উত্তরের সহসম্পাদক শাহ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতাকে তার পাশে দেখা যায়নি।
জেআই





