দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও বিশিষ্ট জনদের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে আগত বিভিন্ন অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ইফতারের আগে দোয়া ও মোনাজাতেও অংশ নেন প্রধানমন্ত্রী।

ইফতার মঞ্চে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদ্দাসের আলী,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, কৃষিবিদ আমিরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি আ ফ ম রুহুল হক।

ইফতারে কবি-সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য (এমপি), আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

এএইচ