নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানকে বরণ না করার জের ধরে যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামকে পিটিয়ে আহত করেছে আ’লীগ ও যুবলীগ ক্যাডাররা।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া কোট মাঠের আমতলা চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে উপজেলার ভোগা আশ্রয়ন প্রকল্পে প্রধান অতিথি থেকে বিদ্যুৎ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান সুলতান আহমেদকে বরণ না করায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যে ব্যানার টাঙ্গিয়ে দেন তা ছিঁড়ে ফেলেন ইউপি চেয়ারম্যানের ভাই ফেরদৌস। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রবিবার সকাল সাড়ে ১১টায় সিংড়া কোর্ট মাঠের আমতলা চত্বরে ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ’র ভাই আ’লীগ ক্যাডার ফেরদৌসের নেতৃত্বে স্থানীয় যুবলীগের ৪/৫ জন সন্ত্রাসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ মারপিটের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]