অবিলম্বে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যার সমাধান না করলে মিয়ানমারকে দেওয়া বাণিজ্য সুবিধা বাতিল করার জন্য বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ছয়টি শ্রমিক ফেডারেশনের নেতারা এ আহ্বান জানান। 'রোহিঙ্গাদের রক্ষা কর, সহযোগিতা কর, মিয়ানমারের সকল বাণিজ্য সুবিধা বন্ধ কর' স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

এ সময় সভাপতির বক্তব্যে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, মিয়ানমারে গণহত্যা বন্ধ ও চলমান সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মিয়ানমারকে দেওয়া সব বাণিজ্য সুবিধা বাতিল করতে হবে।

মিয়ানমারে তৈরি পণ্যসামগ্রী বর্জন করার পাশাপাশি বিভিন্ন দেশের বায়ার ও ব্র্যান্ডগুলোকে মিয়ানমারে তৈরি গার্মেন্ট সামগ্রী কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল আহসান, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে শতাধিক গার্মেন্ট শ্রমিক-কর্মচারী একটি পতাকা মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়।

এমএ