জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগর সহকারি সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদকে পুলিশি রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় শুক্রবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
শিবির সভাপতি-সেক্রেটারি বলেন, লজ্জাজনক পরিণতির আশঙ্কায় সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে ড. মাসুদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেই তারা ক্ষান্ত হয়নি, একের পর এক রিমান্ডে নিয়ে তার উপর চালানো হচ্ছে অমানুষিক নির্যাতন। দুই ধাপে ৬ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পর আবার তৃতীয় দফায় ৪ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। সরকার আন্দোলনের ভয়ে ভীত হয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছে।
শফিকুল ইসলাম মাসুদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিবির সভাপতি ও সেক্রেটারি।
তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নেতৃবৃন্দের উপর নির্যাতনের ষ্টীমরোলার চালানোর পরেও আমাদের নেতা কর্মীরা ধৈর্য্যর পরিচয় দিয়েছে। কিন্তু একজন নিরপরাধ জনপ্রিয় নেতার উপর এমন অবিচার অব্যাহত থাকলে নেতাকর্মীদের ধৈর্য্য ভেঙ্গে যাবে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্রশিবির অবিচারের বিরুদ্ধে এর চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আর তখন যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





