মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে দিকে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর পর বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, মৎসজীবী দল, তাঁতী দল, কর্মজীবী দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী তৃণমূল দল, বিএনপিপন্থী চিকিৎসকদের দল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে, মঙ্গলবার সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধি এবং এর আশপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন ও পোস্টারে নিয়ে ব্যাপক শোডাউন করে। এ সময় তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
কেএইচ/জেআই





