বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান বাংলাদেশকে তিন সরকার পরিচালনা করছে। প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২য় ইমরান এইচ সরকার এবং ৩য় প্রতিবেশী দেশ ভারত। এই তিন সরকারের হতে বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা জিম্মি হয়ে আছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত  বাকশাল, গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এরশাদ) মুদ্রার এপিঠ আর ওপিঠ। আওয়ামী লীগের সভানেত্রী হচ্ছেন শেখ হাসিনা, অপরপক্ষে জাতীয় পার্টিরও সভানেত্রী হচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকারি ও বিরোধী দল উভয় দলই দখল করে আছেন। ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিঠ।
বঙ্গভবনে পিঠা উৎসব প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার যাদের দ্বারা ক্ষমতায় এসেছে, তাদেরকে পিঠা খাইয়ে আওয়ামী লীগের পক্ষে নিচ্ছে। পরবর্তীতে যাতে তারা সবাই আওয়ামী লীগের পক্ষে কথা বলেন।
তিনি বলেন, সবাই বলেন বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে, এ কারণে বিএনপির নেতা-কর্মীরা হতাশ। কিন্তু আমি হতাশ না। কারণ আওয়ামী লীগ ৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতা এসেছে আর বিএনপি ৯৬ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল।  
আয়োজক সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিমের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মাহবুব উদ্দিন খোকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
[b]ঢাকা,২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম) এ্মএইচটি//এফএ[/b]