যুদ্ধাপরাধীদের শাস্তি যেন রাষ্ট্রপতি ক্ষমা করতে না পারেন সেজন্য আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘কেবল যুদ্ধাপরাধীদের জন্য রাষ্ট্রপতির ক্ষমা বন্ধে আইন করা হবে। তবে এ আইন যেন সংবিধান পরিপন্থি রাষ্ট্রবিরোধী না হয় সেদিকে খেয়াল রাখা হবে।’

রোববার দুপুরে রাজধানীর বিয়াম ইনস্টিটিউটে ‘জুডিশিয়াল ম্যাডিয়েশন ফর স্কিল ট্রেনিং ফর অ্যাকটিভ জাজ’-এর কর্মশালা শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার মতে যুদ্ধাপরাধিদের রাষ্ট্রপতি ক্ষমা করলে তা খুবই দুঃখজনক ব্যাপার হবে। তাই আমরা এই আইনটি সংশোধনের কথা ভাবছি। এ ছাড়া জামায়াতের ব্যাপারে আগামী ২৭ তারিখের পর মন্ত্রিসভায় বৈঠকে সিদ্ধান্ত হবে।’

তিনি জানান, সারা দেশে প্রায় ২৭ লাখ মামলা বিভিন্ন কোর্টে রয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন (এডিআর) পাস হলে এই মামলার জোট কমে আসবে। আইন মন্ত্রণালয় থেকে এটি চূড়ান্ত করা হয়েছে। এখন মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

জুডিশিয়াল অ্যাডমিনেসট্রেশন ট্রেনিং ইনিস্টিটউটের পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে আইন মন্ত্রণালয়ের সচিব এ এস এস এম জহিরুল হক উপস্থিত ছিলেন।

জেআই