জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মুখ খুলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘১/১১ এর সময়ে এরশাদের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলাম। সে কারণে মাইনাস থ্রি ফরমুলায় এরশাদ পড়েননি।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুদিন আগে জামালপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে এরশাদ এক-এগারোর কুশীলব হিসেবে তার দলের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেন। এক-এগারোর হোতাদের সঙ্গে হাত মিলিয়ে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’হয়েছিলেন বলেও দাবি করেন প্রাক্তন এ রাষ্ট্রপতি।
জানা গেছে, এরশাদের এমন বক্তব্যের পর আনিসুল ইসলাম মাহমুদ ও তার অনুসারীরা পার্টির চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে দলের মধ্যেও তোলপাড় সৃষ্টি হয়। দুদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে দলের ঘনিষ্ঠজনদের কাছে এরশাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আনিস। একপর্যায়ে তিনি এরশাদের বিরুদ্ধে মুখ খোলার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, এরশাদের বক্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও তার ঘনিষ্ঠজনদের কাছে দাবি করেছেন আনিসুল ইসলাম। তিনি বলেছেন, এরশাদের ইচ্ছায় তিনি ওই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেননি।
এমআর





