[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন বিক্রি করে ২ কোটি টাকারও বেশি আয় করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গত ১৫ জানুয়ারি (বুধবার) থেকে ১৭ জানুয়ারি শুক্রবার রাত ১০টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম বিক্রি। প্রথম দিনে ফরম বিক্রি হয় ২১০টি। জমা পড়ে মাত্র ২টি। দ্বিতীয় দিনে বিক্রি হয়েছে ৩৮৫টি। জমা পড়েছে ১৫০টি এবং তৃতীয় দিনে বিক্রি হয়েছে ২২৭টি। জমা পড়েছে ৭০০'র বেশি ফরম।
তিন দিনে মোট ফরম বিক্রি হয়েছে ৮২২ টি। প্রতিটি ফরম বিক্রি হয়েছে ২৫০০টাকা করে। সে হিসেবে বিক্রি হওয়া মোট ফরমের মূল্য ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা।
মনোনয়ন বিক্রি থেকে আয়ের টাকা দলীয় ফান্ডে জমা হয়েছে। এ টাকা দলীয় কার্যক্রমেই ব্যয় করা হবে বলে সংরক্ষিত মহিলা আসনের ফরম বিতরণ ও সংগ্রহের দ্বায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমিণ্ডস্থ রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহ করা হয়।
আগামী ১৯ জানুয়ারি রোববার বেলা তিনটায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।
মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংবিধান অনুযায়ী আমরা ৩৮টি আসন পাবো। দলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারাই সংরক্ষিত আসনে অগ্রধিকার পাবে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন ) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে এবং ভোটার তালিকা ইসিতে টাঙ্গিয়ে দেয়ার নির্দেশনা রয়েছে।
৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে বণ্টন করা হবে।সে হিসেবে এবার আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২ এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে সংরক্ষিত আসন পাবে।