বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ ও শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, খালেদা জিয়ার ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য ১৫ ফেব্রুয়ারি আমরা ঢাকা শহরে মানববন্ধন করব।

এসময় তিনি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে জাসদের সাধারণ সম্পাদক জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বের অনুষ্ঠিত ১৪ দলের সভায় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে পাকিস্তানের কটূক্তিপূর্ণ বক্তব্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় ঢাকা মহানগরীতে মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মানববন্ধন কর্মসূচি সফল করতে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর ১৪ দলের এক বৈঠক ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে মহানগর ১৪ দল, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগরের জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

মানববন্ধন কর্মসূচি সফল করতে ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে মিলিত হবেন।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে।

ওএফ