প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন। আলোচনা সভার আয়োজন করে নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ।

আইজিপি শহীদুল হকের উদ্দেশে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঘরের টাকায় আপনার বেতন হয়। ঘরের টাকা খাবেন, তাহলে ঘরে গিয়ে নিরাপত্তা দিতে দোষ কী? কোন ঘরে গিয়ে আপনার পুলিশ কী করে, সে খবর আপনি জানেন না?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘আপনি একদিনের জন্যও রাজনীতি করেননি। উত্তরাধিকার সূত্রে আজ আপনি প্রধানমন্ত্রী। দেশের জন্য যুদ্ধও করেননি। দেশের জন্য আপনার কোনো অবদান নেই। চার নেতা বেঁচে থাকলে কোনোদিন আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে শাহ মোয়াজ্জেম আরো বলেন, ‘আপনি মানবাধিকারের কথা বলেন। দেশে এতো খুন, গুম, নারী নির্যাতন হয়, তার কোনো বিচারের কথা বলেন না।’

আইনমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি বলেছেন, ষোড়শ সংশোধনীকে অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় সংবিধানের পরিপন্থি। এ রায় সংবিধানের পরিপন্থি নয়, আপনার বক্তব্যই সংবিধান পরিপন্থি।’

সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিএনপি প্রধান খালেদা জিয়া তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেন। তিনি দেশনেত্রী বলে দেশের মানুষের হয়ে কথা বলেন।’

নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

এমআর