বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন জাতীয় পার্টির নেতারা।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১টা ২০মিনিটের দিকে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি শুরু হয়।
জাপার চিফ প্যাট্রন রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “মাত্রই বৈঠক শুরু হচ্ছে। জাপার চার জনের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিয়েছেন।”
মামুন হাসান জানান, জাপার প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৈঠক শুরু হওয়ার আগে সাবেক জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, “অভিন্ন নদীর হিস্যা, তিস্তা পানিবণ্টন চুক্তি ও বাণিজ্য বৈষম্যসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে আজ (২৬ মার্চ) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদি দুদিনের সফরে ঢাকায় আসেন। পাশাপাশি দুই প্রধানমন্ত্রী শনিবার (২৭ মার্চ) দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া আগামীকাল (শনিবার) তিনি সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসমাধি পরিদর্শন করবেন। নরেন্দ্র মোদি মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওরাকান্দি পরিদর্শন করবেন এবং ওই সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলবেন।
শনিবার সন্ধ্যায় তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
এমবি





