এক সময় যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সেই সব কর্মকর্তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ ক্যাডারদের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এক সময় যারা ছাত্রলীগ করতেন সেই সমস্ত ছাত্রলীগ করা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না এই প্রশ্নটি এখন মানুষের মুখে মুখে।’
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, সরকারদলীয় ক্যাডাররা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পোস্টার ছিঁড়ে ফেললেও এ ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সময় যত ঘনিয়ে আসছে, ততই নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য মোটেও সহায়ক নয়। তাঁর মতে, সরকার দলের জনগণের ওপর আস্থা নেই। আস্থা আছে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর।
এমবি





