১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে আগামীকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিতে পারে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল ও ছাত্রলীগের একটি নির্ভরযোগ্যসূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রদল নেতৃবৃন্দকে সমাবেশের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

শনিবার বিকাল চারটার দিকে ছাত্রলীগের আট সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ছাত্রদলের কার্যালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

আমন্ত্রণপত্র নিয়ে যাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- ছাত্রলীগের সহ-সভাপতি ইমাউল হক সরকার টিটু, জয়দেব নন্দী, মহিউদ্দিন মাহি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান জীবন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপ-প্রচার সম্পাদক আরিফুর রহমান লিমন ও উপ-স্বাস্থ্য সম্পাদক তোফাজ্জেল হক চয়ন ও সাহাবুদ্দিন চঞ্চল।

ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আকরামুল হাসান ও দফতর সম্পাদক নাজমুল হাসান আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এসময় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, রাজনৈতিক ঐতিহ্য ধারণ করেই কেন্দ্রের নির্দেশে ছাত্রদলকে সমাবেশে আসার দাওয়াত দেওয়া হয়েছে। এখন সমাবেশে যোগ দেওয়ার বিষয়টা তাদের হাতে।

ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আমরা দাওয়াতপত্র গ্রহণ করেছি। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশে উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে আমাদের কিছু বলার নেই।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মূল রাজনৈতিক দলের ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ এ ছাত্রসংগঠন দুটির শীর্ষ নেতাদের মুখ দেখাদেখি বন্ধ। তবে এরকম অবস্থায় ছাত্রলীগের সমাবেশে ছাত্রদলকে আমন্ত্রণ জানানো ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ