বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ গত ২৫ বছরে কখনো বলেনি যে, তালপট্টি দ্বীপ ছিল না। তবে এখন কেন তারা বলছে তালপট্টি দ্বীপ নেই। কিছু দিন পর এই আওয়ামী লীগই বলবে ‘বাংলাদেশ নামে কোন দেশই নেই’।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আমাদের আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ঠিক তখনই বিএনপির কয়েক জন নেতা একটি আলোচনায় অংশগ্রহণ করে। সেই আলোচনায় আওয়ামী লীগ বলেছিল সংবিধানের ধারাবাহিকতায় রক্ষায় একটি নির্বাচন জরুরি। এই নির্বাচনের পর সকলের অংশ গ্রহণের নির্বাচন হবে। অথচ তোফায়েল আহমেদ এখন সে কথা অস্বীকার করছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলছেন, এ ধরনের আলোচনা হয়েছিল।
গয়েশ্বর বলেন, তখনকার আলোচনা জনসম্মুখে প্রকাশ করলে কি হতো। এটা তো কোন মাদকের ব্যবসা নয় যে জনসম্মুখে প্রকাশ করা যাবে না। এজন্য তিনি বিএনপি নেতাদেরই দায়ী করেন।
বিএনপি নেতা বলেন, আন্দোলন থেকে মানুষ একবার সরে তাদের আবার মাঠে ফিরিয়ে আনা সম্ভব না। আন্দোলন করার ইচ্ছা আছে কিন্তু প্রস্তুতি নেই। আন্দোলনে নিজের স্বার্থ খুঁজলে সেটা আলোর মুখ দেখবে না। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি হাজী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।
ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





