বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে ১৮দলীয় জোটের শীর্ষ নেতাদের শনিবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন জাতীয় পার্টির এই প্রভাবশালী নেতা।
এর আগে ১৮ দলের পরবর্তী কর্মকৌশল নির্ধারণ ও রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করতে জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকেন জোট নেতা বেগম খালেদা জিয়া।
জোটের শীর্ষ স্থানীয় নেতাদের এই বৈঠকটি শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।
জোট সূত্র জানায়, জোটের বৈঠকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফরও আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে বৈঠকে অংশ নিবেন।

কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা জানান, দলের চেয়ারম্যান কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টি অনেক আগেই বিএনপি চেয়ারপারসনের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছে। তাই জাতীয় পার্টি নীতিগতভাবে ১৮ দলে যোগ দিতে যাচ্ছে। শনিবার দুপুরে চেয়ারম্যানের সাথে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মিটিংয়ে ১৮ দলে যোগ দেয়ার বিষয়টি চুড়ান্ত ফয়সালা হবে।
গত বছর নভেম্বরে হুসেইন মহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিলে কাজী জাফরের সাথে বিরোধের সৃষ্টি হয়। তখন কাজী জাফর এবং এইচ এম এরশাদের মধ্যে একে অপরকে বহিস্কারের ঘটনা ঘটে। পরে ২০ ডিসেম্বর কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের কাউন্সিল অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। এই কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যান করা হয় কাজী জাফর আহমেদকে এবং মহাসচিব করা হয় গোলাম মসীহকে।