বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা ঘটেছে তা ঢাকতেই সরকার আসলাম চৌধুরীকে নিয়ে নাটক বানিয়েছে।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির এ নেতা বলেন, ইসরায়েলি ওই নাগরিক ব্যবসায়ী। তাকে ভারতই আমন্ত্রণ জানিয়েছে। তার সঙ্গে প্রকাশ্যে কথা বলার মধ্যে কী অপরাধ? এখন যখন সেসব বিষয় খণ্ডানো হচ্ছে কেউ আর কথা বলছে না।

রিজভী বলেন, সরকার পতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এখন কোনো ইস্যু তৈরি করে ঠেকানো যায় কিনা সে চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা ঘটেছে তা ঢাকতেই সরকার আসলাম চৌধুরীকে নিয়ে নাটক বানিয়েছে।

ইসরাইলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এ দাবি করেন।

আলাল বলেন, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ২০১৪ সালের ২৫ জুন ইসরাইলের রাষ্ট্রদূতকে তার বাসায় ডেকে এনে নৈশভোজ করেছেন। তাহলে আমরা কি বলতে পারি না যে, আওয়ামী লীগের সঙ্গে ইসরাইলের সম্পর্ক আছে।

এমবি