ব্রাহ্মণবাড়ীয়ায় দুই ট্রেনের সংঘর্ষের ফলে বহুসংখ্যক যাত্রী মর্মান্তিকভাবে নিহত এবং শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ।
১২ নভেম্বর (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির বলেছেন, “ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলায় গত ১১ নভেম্বর দিবাগত রাত ৩টায় দু’টি ট্রেনের সংঘর্ষের ফলে বহুসংখ্যক যাত্রী মর্মান্তিকভাবে নিহত এবং শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।”
মকবুল আহমাদ বলেন, “আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঐ ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করবেন এবং এ ধরনের দুর্ঘটনা আর যাতে না ঘটতে পারে সে ব্যাপারে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।”
তিনি বলেন, “ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথভাবে চিকিৎসা সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে নিহতদের পরিবার-পরিজন এবং আহতদের পাশে দাঁড়াবার জন্য আমি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
জামায়াত আমির বলেন, “ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





