মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নিজের ঘরের বারান্দায় মা ও পেটের শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে গুলিবিদ্ধ মা নাজমা বেগম ও শিশুটিকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ বলেন, মায়ের পেটে শিশু হত্যা চেষ্টায় যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাদের বিচার হবে কি-না জানি না। তবে সরকারের উচিত এ ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।

এরশাদ সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন,কেন এই ঘটনা ঘটছে, মাদকাসক্তি না কি বিচারহীনতা? কারণ যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা জানেন, তাদের বিচার হবে না।

মায়ের পেটের শিশু নিরাপদ নয়, এটা আমরা ভাবতেও পারি না। আমরা কত বর্বর হয়ে গেছি। আমরা এখন আর মননশীল জাতি নই। এই সমাজের পরিবর্তন দরকার। ইনশা আল্লাহ পরিবর্তন আসবে।

এরশাদ আরো বলেন,এখন অভিনব পন্থায় শিশুদের ওপর বর্বর নির্যাতন হচ্ছে। এই অভিনব পন্থা কীভাবে এল? কত বর্বর মানুষ। মানুষ কীভাবে বাঁচবে, বাংলাদেশ কীভাবে বাঁচবে? যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের কঠোর শাস্তি দিন, ফাঁসি দিন। যাতে এমন নিষ্ঠুর ঘটনা আর কেউ ঘটাতে না পারে।

এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন ও সুজন দে প্রমুখ।

এআর