বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। অনুরোধের পরও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি থেকে তারা (আ. লীগ) সরে আসেনি। তারা কর্মসূচি করতে পারে, তবে হামলা না করলেই ভালো হয়।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’ পূর্ব সভায় এসব কথা বলেন তিনি। আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান সরকারের অধীনেও কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন গয়েশ্বর চন্দ্র রায়।

সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করছে বিএনপি। একই দিন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ ডেকেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার কর্মসূচিতে যোগ দেয়।

অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে যোগ দিতে আহ্বান করেন।

এবিএস